
লা লিগার নতুন সিজনে দুর্দান্ত শুরুর ধারাবাহিকতা ধরে রেখেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। নবাগত লেভান্তের মাঠে দু’ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল।ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রথমার্ধে দুটি গোল হজম করে বার্সা।
ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেসের গোলে এগিয়ে যায় লেভান্তে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। পেদ্রি ও ফেররান তরেসের ঝলকে সমতায় ফেরে বার্সেলোনা। আর অতিরিক্ত সময়ে উনাই এলগেসাবালের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।ম্যাচে খেলার ধারার বিপরীতে ১৫ মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো। বাঁ দিক থেকে জেরেমির পাসে ডিফেন্ডারদের কাটিয়ে কাছ থেকে গোল করেন তিনি।এরপর ৪৫ মিনিটে বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দের হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সেটি সফলভাবে রূপান্তর করেন ৩৮ বছর বয়সী হোসে লুইস মোরালেস।বিরতির পর এক ঝড় তুলে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৪৯ মিনিটে ইয়ামালের পাস থেকে দূরপাল্লার শটে জালে বল জড়ান পেদ্রি। এরপর ৫২ মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন তরেস।শেষদিকে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত জয় পাচ্ছিল না বার্সেলোনা। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ইয়ামালের ক্রসে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লেভান্তে ডিফেন্ডার এলগেসাবাল।
এই আত্মঘাতী গোলই জয় এনে দেয় বার্সেলোনাকে।এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে, লেভান্তে টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে।









