
ব্যারাকপুরের একটি শপিং মল এবং বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ড-র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে আচমকাই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘোষপাড়া রোড়ের লালকুঠি এলাকায় অতীন্দ্র সিনেমাহলের পাশে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে।
কিছু ক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পোশাকের শোরুমে। স্থানীয়েরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর যায় দমকলের কাছে। কিছু ক্ষণের মধ্যে দমকলের একাধিক ইঞ্জিন যায় ঘটনাস্থলে। অতীন্দ্র সিনেমাহলের গায়েই রয়েছে একটি শপিং মল এবং বিরিয়ানির দোকান। ব্যস্ত অঞ্চলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে যানজট শুরু হয় রাস্তায়। স্থানীয় দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেবানোর চেষ্টা করছিলেন স্থানীয়েরা। কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে ভয় পেয়ে যান উপস্থিত সকলে। বেশ কিছু ক্ষণ পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। তৎপরতার সঙ্গে আগুন নেবানোর কাজ শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পোশাকের শোরুমে।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেবেনি। কী ভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও পরিষ্কার নয়। স্থানীয়দের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।








