বারুইপুর-কাণ্ডে গ্রেফতার সিপিএম-র লাহেক আলি 

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব
বারুইপুরে গোলমালের ঘটনায় এ বার গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলি-কে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ বারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিমের বামফ্রন্ট প্রার্থী ছিলেন তিনি। 
বারুইপুরের অশান্তির নেপথ্যে রাজনৈতিক যোগ থাকতে পারে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরের দিনই পুলিশ পাকড়াও করেছে সিপিএম নেতাকে। ৫ জুলাই বারুইপুরের সূর্যপুরে এক পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। তার পর পরই অশান্ত হয়ে ওঠে এলাকা। ওই সময়ে নাবালিকার খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক-কে। পরে তদন্তে উঠে আসে, নাবালিকার উপর নির্যাতন বা খুনের ঘটনায় তাঁর কোনও যোগ ছিল না। মুখ্যমন্ত্রী জানান, ওই যুবক নির্দোষ ছিলেন। বারুইপুরে সে দিনের তাণ্ডবের পর থেকেই লাহেকের নাম উঠে আসছিল। ঘটনার দিন বিক্ষোভস্থলেও উপস্থিত ছিলেন তিনি।
তাঁর বিরুদ্ধে অশান্তিতে ইন্ধনের অভিযোগ তুলছিল স্থানীয়দের একাংশও। এ বার ওই অশান্তির এক সপ্তাহ পরে গ্রেফতার করা হয়েছে লাহেক-কে। তাঁর গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে সিপিএম।