
তৃণমূল কর্মীকে কুপিয়ে এবং গুলি করে নৃশংসভাবে খুনের অভিযোগে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের গোটরা পঞ্চায়েত এলাকার ঘোনা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২৪-র আনোয়ার হোসেন গাজি। পরিবারের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার রাতে এলাকারই একটি চায়ের দোকানে বসেছিলেন আনোয়ার। সেই সময়েই একদল দুষ্কৃতী আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ। হামলার পরে স্থানীয় বাসিন্দারাই আনোয়ারকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় বসিরহাট হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসক আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাকা ফজর আলি গাজির সন্দেহ, গ্রামের দুষ্কৃতীরাই খুন করে থাকতে পারেন আনোয়ারকে।
তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
