
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর ভাঙনখালি গ্রামে মহিলাদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে স্থানীয় এক মহিলার জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার চেষ্টায় বাধা দিতেই মহিলাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারধরের জেরে ৪ জন মহিলা আহত হয়েছেন। আহতরা বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারধরের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে বাসন্তীর কাঁঠালবেড়িয়ার ভাঙনখালি গ্রামে দুই পরিবারের বচসা বাধে। ফিসারীর রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন। সেই রাস্তা নিয়ে বচসা বাধে নাসিমা নস্কর এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে। অভিযোগ বচসার সময় আচমকাই কয়েকজন কয়েকজন লাঠি, বাঁশ নিয়ে নাসিমা তার পরিবারের মহিলা সদস্যদের ওপর হামলা চালায়।
মারধরের ভিডিও জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কোনও মহিলাই সুরক্ষিত নন। জলিল লস্কর, মুন্না লস্কর, আরিফরা মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
