
শীতের দাপট ফের স্পষ্ট বাংলায়। ভোরের কুয়াশা, উত্তুরে হাওয়া আর নামতে থাকা পারদের জেরে রাজ্যজুড়ে বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তুরে হাওয়া বইতে শুরু করায় শীতের অনুভূতি স্পষ্ট। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী অন্তত সাত দিন এই শীতের স্পেল বজায় থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার সামান্য নীচেই থাকবে। দিনে দিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে পারদ। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।
উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে কুয়াশার প্রভাব বাড়তে পারে। অন্তত চারটি জেলায় কুয়াশার ঘনঘটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত।




