
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ইতালির আতালান্তার মাঠে খেলতে নেমে গোল উৎসব করেছে বাভারিয়ানরা।
স্বাগতিকদের ৬-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন। আতালান্তার জিউইস স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন।সার্জি গ্যানাব্রির পাস পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ স্টানিসিচ। এরপর ২২ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। তিন মিনিট পর আবারও আক্রমণে উঠে তৃতীয় গোলটি করেন গ্যানাব্রি। প্রথমার্ধ শেষ হয় বায়ার্নের ৩-০ গোলের লিডে।বিরতির পরও একই ছন্দে খেলতে থাকে জার্মান ক্লাবটি।ম্যাচের ৫২ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে গোল করেন নিকোলাস জ্যাকসন।৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। আলফনসো ডেভিসের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান তিনি।এর কিছুক্ষণ পর বদলি নেমেই গোলের দেখা পান জামাল মুসিয়ালা। নিকোলাস জ্যাকসনের বাড়ানো বল আলতো টোকায় জালে পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন তরুণ মিডফিল্ডার,মুসিয়ালা।ম্যাচের একেবারে শেষদিকে স্বাগতিকদের হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন মারিও পাসালিচ। ইনজুরি সময়ে তার গোলেই ব্যবধান কমে ৬-১ এ দাঁড়ায়।
এই বড় ব্যবধানে হারের ফলে শেষ আটে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে আতালান্তার। দ্বিতীয় লেগে তারা খেলবে বায়ার্ন মিউনিখের মাঠে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।








