
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হতাশাজনক হার দেখল রিয়াল মাদ্রিদ। শক্তিশালী প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ২-১ গোলের জয় নিয়ে এগিয়ে থাকল দুই লেগের লড়াইয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। একের পর এক সুযোগ তৈরি করে তারা রিয়াল রক্ষণকে চাপে রাখে।প্রথমার্ধের শেষদিকে সেই চাপই কাজে লাগে, ৪১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ।দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন ঝড় তোলে বায়ার্ন। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ফরাসি তারকা মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে নিখুঁত শটে জালে বল জড়ান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।দু’ গোলে পিছিয়ে পড়ার পর জেগে ওঠে রিয়াল মাদ্রিদ। আক্রমণ বাড়িয়ে একাধিক সুযোগ তৈরি করে তারা, তবে গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত ম্যাচের মাঝামাঝি সময়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে।টেন্ড আলেক্সান্ডার আর্নল্ডের এর নিখুঁত ক্রস থেকে গোলটি করেন তিনি, যদিও ম্যানুয়েল নয়্যার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন তা ঠেকাতে।পুরো ম্যাচে রিয়াল একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করে, বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। অন্যদিকে বায়ার্নের গোলরক্ষক নয়্যার ছিলেন দুর্দান্ত, গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে জয়ের পথে রাখেন।
এই জয়ের ফলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বায়ার্ন। তবে মাত্র এক গোলের ব্যবধান থাকায় দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা এখনও বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।









