
বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণে ভুলভাবে সম্পাদনা করা হয়েছে-এই অভিযোগ ওঠার পর ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছে ব্রিটেনের ওই সংবাদমাধ্যমটি। অবশ্য বিবিসি জানিয়েছে, তারা ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মানহানির অভিযোগের কোনও ভিত্তি তারা খুঁজে পায়নি।
বিবিসি বলছে, সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন- প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তাঁর বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, সেটির জন্য বিবিসি দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে- এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না। মূলত ‘ট্রাম্প: আ সেকেন্ড চ্যান্স?’ নামে প্রামাণ্যচিত্রটি বানিয়েছিল তৃতীয় পক্ষের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে ২০২১ সালের ৬ জানুয়ারির প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ থেকে দুই ভিন্ন সময়ের তিনটি অংশ কেটে একত্র করা হয়। দুই অংশের ব্যবধান ছিল প্রায় এক ঘণ্টা।
সমালোচকদের অভিযোগা- এইভাবে জোড়া লাগিয়ে এমন একটা দৃশ্য তৈরি করা হয়, যাতে মনে হয় ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ও ফাইট লাইক হেল বলে উত্তেজিত করছেন। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সেসময় স্পষ্টভাবে তাঁর সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানালেও ডকুমেন্টারি থেকে সেই অংশ বাদ দেওয়া হয়েছে।








