
বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ,বিসিসিআই।
পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবেন কেকেআর কর্তৃপক্ষ। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নেন বেঙ্কি মাইসোরেরা। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে খেলাতে পারবে না শাহরুখ খানের দল। পরিবর্তে অবশ্য অন্য কাউকে সই করানোর সুযোগ থাকছে কেকেআর কর্তৃপক্ষের কাছে। বিদেশি ক্রিকেটারও নিতে পারবে কেকেআর। এদিকে, মুস্তাফিজুরকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়কে ক্রিকেটের সঙ্গে জড়ানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, খেলাধুলার ওপর রাজনৈতিক ইস্যুর চাপ দেওয়া উচিত না। বিসিসিআইয়ের নির্দেশের পর কেকেআর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই/আইপিএল আসন্ন আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের প্রক্রিয়া ও পরামর্শ সম্পন্ন করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
