
আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তেই দৌড়ে পালালেন বিডিও। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের নাড়মা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে দিনের পর দিন প্রশাসনের আশ্বাসের পরেও এলাকায় রাস্তা হয়নি।
এই অভিযোগে পাড়ার সমাধান কমসূচিতে বিডিওকে তালাবন্দি করে রাখেন মহিলারা। আটকে রাখা হয় পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের। প্ল্যাকার্ড হাতে বিডিওর জবাবদিহির দাবি করতে থাকনে মহিলারা। এরপর পুলিশ গেলে প্রায় দেড় ঘণ্টা পর ছাড়া পান বিডিও। তখনই বিক্ষোভকারীরা ফের বিডিওকে ঘিরে ধরেন। কোনওমতে মহিলাদের ঘেরাটোপ থেকে বেরিয়ে দৌড় লাগান বিডিও। এদিকে কাকদ্বীপে নিজের এলাকায় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে ঢুকতেই পারলেন না স্থানীয় তৃণমূল নেত্রী। জানা গিয়েছে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রামপঞ্চায়েতে সকাল থেকে ক্যাম্প চলছিল। সেখানে বিধায়ক মন্টুরাম পাখিরার ছায়া সঙ্গী তথা এলাকার দাপুটে তৃণমূল রিনা দাস পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভের জেরে কার্যত ঘেরাও হয়ে থাকেন জেলা পরিষদের সদস্য রিনা দাস।
স্থানীয়দের অভিযোগ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রিনা। তাই তাঁকে ক্যাম্পে ঢুকতে দেওয়া হবে না। বিডিও ঋক গোস্বামী স্থানীয়দের বুঝিয়েও ব্যর্থ হন। শেষপর্যন্ত বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল নেত্রী।








