
দীপাবলিতে সরযূ নদীর তীরে ২৫ লাখেরও বেশি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছে উত্তরপ্রদেশের অযোধ্যা। প্রতিবারের মতো এবারও দীপাবলিতে সেজে উঠছে অযোধ্যা।
তবে এই বছরের দীপাবলির উদযাপনটা ভিন্ন। জানুয়ারিতেই রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। ফলে এ বছরই প্রথমবার দীপাবলির সাক্ষী হয়েছেন ভগবান রামলালা। অষ্টমতম দীপোৎসবে অযোধ্যাকে পুরোদমে সাজিয়ে তুলেছে উত্তরপ্রদেশ সরকার। প্রদীপ প্রজ্বলন নয় সরযূ নদীর তীরে হয়েছে লেজার ও লাইট শো। পাশাপাশি সাউন্ড-লাইট শোয়ের মাধ্যমে রামলীলা বর্ণনা করা হয়েছে। বুধবার অযোধ্যায় দীপোৎসবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এরপরেই তিনি বলেছেন, এটি সকলের জন্য গর্বের মুহূর্ত। আট বছর আগে যখন প্রথম দীপোৎসব উদযাপিত হয়েছিল, তখন সবাই বলছিলেন রাম মন্দির তৈরি করুন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে।এই দীপোৎসবের জন্য বিশেষ প্রকৃতিবান্ধব দীপ ব্যবহার করা হয়েছে। রাম মন্দিরও সেজে উঠেছে এই প্রকৃতিবান্ধব দীপে। যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দীপোৎসবে যাতে সাধারণ মানুষ শামিল হতে পারেন তার জন্য ২৯ অক্টোবর থেকে ১ নভেন্বরের মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র।
দর্শনার্থীরা ৪বি গেট থেকে মন্দিরের সজ্জা দেখার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।
ছবি সৌজন্যে : এক্স






