তিস্তা প্রকল্পে বাংলাদেশ, ভারতের উদ্বেগ নিয়েও মুখ খুলল বেজিং

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চিন। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়‌ো জিয়াকুন জানিয়েছেন, চিন এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না।

আবার এই দ্বিপাক্ষিক সমঝোতার ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষ প্রভাব বিস্তার করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, তিস্তা নদীর সার্বিক উন্নয়ন ও সংস্কার হল একটি জনকল্যাণমূলক প্রকল্প, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে চিন তার সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে তাঁর সংযোজন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাগুলোর ক্ষেত্রে সমন্বয় আরও বাড়াতে চায় চিন। উল্লেখ্য ক দিন আগে বাংলাদেশের নয়া সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। গত সপ্তাহেই তিন দিনের জন্য চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের বৈঠকেও এই প্রকল্পের বিষয়টি উত্থাপিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে অবশ্য আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি দুই দেশ। এদিকে তিস্তা নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। এই প্রকল্পের মধ্যে রয়েছে ১০২ কিলোমিটার নদীখাত খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দু’পাশে ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের মতো বেশ কিছু কাজ। অভিযোগ, চিন যদি এই প্রকল্পে নাক গলায়, তা হলে ভূকৌশলগত ভাবেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল চিনের নিশানার মধ্যে চলে আসবে।