
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ড থেকে মহম্মদ আলাউদ্দিন শেখের দেহ বেলডাঙার বাড়িতে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শুরু করেন মতের আত্মীয় এবং স্থানীয়রা। অবরোধ শুরু হয় রেললাইনেও। আটকে পড়ে লালগোলা শিয়ালদহগামী মেমু ট্রেন। লালগোলাগামী রানাঘাট লালগোলা মেমু ট্রেনও। বিক্ষোভকারীরা জেলাশাসক কিংবা মুখ্যমন্ত্রীর আসার দাবি জানাতে থাকেন। দোষীদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা। ঝাড়খণ্ডের বিশ্রামপুরে ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন বেলডাঙার সুজাপুরের বাসিন্দা মহম্মদ আলাউদ্দিন শেখ। বহস্পতিবার আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি যুবককে পিটিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ ফিরতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অধীর চৌধুরি।
বিক্ষোভকারীদের দাবি মেনে জেলাশাসক, পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
