
মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত-র প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না।
বেলডাঙার হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলায় রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি চায় তবে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। একই সঙ্গে রাজ্যকে বলেছিল, প্রয়োজনে কেন্দ্রের থেকে আরও কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে তারা। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, প্রায় এক মাস আগে এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছে। তারা এফআইআর দায়ের করেছে। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৫ নম্বর ধারা প্রয়োগ করা উচিত কি না, সে বিষয়ে এখনই কোনও মতামত দেওয়া হচ্ছে না।
শীর্ষ আদালত জানায়, আপাতত হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। সেই রিপোর্টে জানাতে হবে, প্রাথমিক ভাবে ইউএপিএ প্রয়োগের মতো উপাদান রয়েছে কি না!
