
ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এবং মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও মানবতার পক্ষে সরব হলেন বিশ্বখ্যাত প্যালেস্টাইনি-ডাচ সুপারমডেল বেলা হাদিদ।
সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলায় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয় ধ্বংসের ঘটনায় দেড় শতাধিক শিশুর প্রাণহানির খবর বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। এমন ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে বেলা হাদিদ সোশ্যাল মিডিয়ায় ইরানি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও শান্তির দাবি জানিয়েছেন।ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে বেলা হাদিদ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি গ্রাফিক শেয়ার করে লিখেছেন, আমার হৃদয় এখন ইরানের সাধারণ মানুষের জন্য কাঁদছে। সরকার বা সামরিক বাহিনীর সিদ্ধান্তের বলি হওয়া প্রতিটি নিরপরাধ নাগরিকের পাশে আমি আছি। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিশ্বের যেখানেই হোক না কেন—নিরাপত্তা, মর্যাদা এবং শান্তি কখনোই আলোচনার বিষয় হতে পারে না। তার মতে, ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ সব সময়ই ‘ক্ল্যাটারাল ড্যামেজ’ বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির শিকার হয়। ব্যবস্থার যাঁতাকলে পিষ্ট হওয়া এই মানুষদের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতে থাকা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।উল্লেখ্য, বেলা হাদিদ বরাবরই মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং মানবিক সংকটে উচ্চকণ্ঠ। নিজের প্যালেস্টাইনি শিকড়ের টান থেকে এর আগেও তিনি গাজা যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে প্যালেস্টাইনিদের পক্ষে দাঁড়িয়েছেন। এবারের ইরান সংকটেও তিনি ভূ-রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবন বাঁচানোর ওপর জোর দিয়েছেন।
তিনি বলেছেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে যুদ্ধের বিস্তার কখনোই নিরপরাধদের রক্ষা করে না। তাই এই মুহূর্তে সংযম, জবাবদিহি এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষের প্রতি সংহতি প্রকাশই তার মূল লক্ষ্য।








