
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের দাবি জোরালো হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র।
এই পরিস্থিতিতে পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে যেতেই পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ। পাকিস্তানের তরফে চোখ বাঁধা ছবি পূর্ণম কুমার সাউয়ের ছবি পোস্ট হতেই ঘুম উড়েছে হুগলির রিষড়ার সাউ পরিবারের। কার্যত কেঁদেই চলেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। স্বামীকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুণছেন। কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন বাবা-মা। প্রত্যেকেই চাইছেন ৬ বছর আগে পাকিস্তানে আটক হওয়া অভিনন্দন বর্তমানের মতই ফিরে আসুক পূর্ণমও। ইতিমধ্যে পূর্ণমকে ফেরাতে পাক রেঞ্জার্সদের সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করেছেন বিএসএফ আধিকারিকরা।
এই পরিস্থিতিতে সাউ পরিবারকে ফোন করে আশ্বাস্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে শুক্রবার রিষড়ার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতিও।
