
বাড়িতে পুলিশ যেতেই ভয়ে খাটের তলায় লুকোলেন তৃণমূল নেতা। যদিও খাটের তলায় লুকিয়েও শেষরক্ষা হয়নি মাথাভাঙার তৃণমূল নেতা শহিদুল মিঞার।
ঘরে তল্লাশির সময় পুলিশ খাটের নিচ থেকে খুঁজে বের করে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে বালি পাচার, হুমকি দেওয়ার অভিযোগে লাউদোহার গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। গৌতম ঘোষকে গ্রেফতার করার পরেই থানার সামনে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। ছবিটা সিঙ্গুরের ক্ষেত্রেও একই। সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অষ্ঠু কোলেকে তোলাবাজি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে রানিগঞ্জ থানায় বিজেপির মণ্ডল সভাপতি কৌশিক মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের যুব প্রেসিডেন্ট শুভ ভট্টাচার্য এবং ছাত্র পরিষদ নেতা তিতাস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ২০২১ থেকে হুমকি, নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে।
