
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধেও ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল।
রত্না চক্রবর্তী বাগচী এবং বিভাস অধিকারীকেও একাধিকবার তলব করে সিবিআই। কয়েক মাস আগে নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি ভুয়ো অফিস খুলে প্রতারণা করছিলেন-যার নাম রাখা হয়েছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। ওই মামলায় বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারী-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। কয়েকমাস আগেই জামিনে মুক্ত হয়েছেন মানিক ভট্টাচার্য। রাজভবনের তরফে করা পোস্টে জানানো হয়েছে, এই মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানানো হয়েছে।
চার্জশিট তৈরি হলেও বিধায়কের বিরুদ্ধে চার্জগঠন থমকে ছিল, সিবিআই এই অনুমোদনের অপেক্ষাতেই ছিল, অবশেষে তা মিলেছে। গত ৩ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।



