
কলকাতার সর্বত্র সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। দোকান, অফিস, বহুতল মার্কেট কমপ্লেক্স, কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সাইনবোর্ডে এবার বাংলা হবে প্রধান ভাষা।
পুরসভার কমিশনার ধবল জৈনের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে সাইনবোর্ডের একেবারে ওপরে বাংলায় নাম লিখতে হবে। প্রয়োজনে নীচে বা পাশে অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে। তবে বাংলার স্থান হবে প্রথমে। পুরসভা আরও জানিয়েছে আইন বিভাগের সঙ্গে পরামর্শ করে এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে সরকারি দফতরে সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।
এবার সেই নীতি আর স্পষ্ট করে প্রশাসনিক সার্কুলার জারি করেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম আগেই বলেছিলেন এটি কেবল ভাষার প্রশ্ন নয়, সাংস্কৃতিক পরিচয়েও বিষয়।
