
৬ থেকে ১০ অক্টোবর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলা ৬৯ তম জাতীয় স্কুল গেমস ফুটবল অনূর্ধ্ব ১৯ বয়েজ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব ১৯ স্কুলের বয়েজ দলে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ৬ জন খেলোয়াড় রয়েছে।
ফেসবুক পোস্টে এই খুশির খবর জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা নথি সহকারে লিখেছেন, যারা ইতিমধ্যে এই টুর্নামেন্টে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে এবং তাদের যাতায়াত সহ অন্যান্য বিষয়ও সব পাকাপোক্ত ব্যবস্থা হয়ে গেছে। তবে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৮ এলিট লিগ কলকাতা জোন ২০২৫-২৬ এর কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ, যেখানে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি অংশগ্রহণ করবে, তা ১০ অক্টোবর হবে বলে নির্ধারিত ছিল। এর ফলে, শ্রীনগরে ম্যাচে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড় ছাড়াই বেঙ্গল স্কুল ফুটবল দলকে খেলতে হতো। এমতাবস্থায়, কিছু উদ্বিগ্ন ব্যক্তি তাঁর দ্বারস্থ হন যাতে এই প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলাররা দুটি জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কারণ এটি তাদের জাতীয় স্তরে খেলার মূল্যবান অভিজ্ঞতা থেকে বঞ্চিত করবে।
এরপরই তিনি এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশননের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কে অনুরোধ জানিয়েছিলেন, তিনি যথেষ্ট সহানুভূতিশীল হয়ে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ম্যাচের সময়সূচী পরিবর্তন করেছেন এবং এখন ম্যাচ টি ১৫ অক্টোবরের পরে অনুষ্ঠিত হবে যার ফলে এই উদীয়মান তরুণ বাঙালি ফুটবলারদের দুটি টুর্নামেন্টেই অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না।






