
ডিজিটাল অ্যারেস্টের খপ্পরে পড়ে প্রায় ১২ কোটি টাকা খুইয়েছেন বেঙ্গালুরুর এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়র। প্রতারকেরা তাঁর সঙ্গে তিনবার যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, তিনবার তিনটি আলাদা নম্বর থেকে ফোন করা হয়েছিল। প্রথম বার ফোন এসেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের পরিচয়ে। দ্বিতীয় বার ফোন এসেছে পুলিশ আধিকারিকের পরিচয়ে। তৃতীয় বারে পুলিশের মতো উর্দি গায়ে চাপিয়ে বেঙ্গালুরুর ওই ইঞ্জিনিয়রকে ভিডিয়ো কল করেছিল প্রতারকরা। দফায় দফায় তাঁর থেকে ১১ কোটি ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ফোনে তাঁকে বলা হয়েছে, ইঞ্জিনিয়রের নামে তোলা একটি সিম বেআইনি বিজ্ঞাপন এবং সাধারণ মানুষকে হেনস্থা করতে ব্যবহার করা হচ্ছে। তাঁর আধার। নম্বর ব্যবহার করে সিমটি তোলা হয়েছিল। সিমটি ব্লক করার কাজ শুরু হয়েছে এবা মুম্বইয়ের কোলাবায় সাইবার থানায় নাকি এ বিষয়ে মামলাও রুজু হয়েছে। তাঁকে ভার্চুয়ালি গ্রেফতারের কথাও বলা হয়েছিল বলে অভিযোগ।
পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বেঙ্গালুরুর একটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই ইঞ্জিনিয়র। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ ধারায় প্রতারণা এবং ৩১৯ ধারায় ভুয়ো পরিচয়ে প্রতারণার ধারা যুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।








