২ সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী টেকি ও স্ত্রী 

0
206
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

বেঙ্গালুরুতে দুই সন্তানকে বিষ খাইয়ে এক এক প্রযুক্তি কর্মী ও তাঁর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালে আরএমভি এলাকার ভাড়াবাড়ি থেকে দুই শিশু ও দম্পতির দেহ উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, মৃতেরা হলেন অনুপ কুমার, তাঁর স্ত্রী রাখী এবং তাদের দুই সন্তান অনুপ্রিয়া ও প্রিয়াংশ । ওই পরিবার মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। অনুপ কুমার বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। পরিবারকে নিয়ে বেঙ্গালুরুতে ভাড়া থাকতেন তিনি। সোমবার সকালে রোজকার মতো অনুপ কুমারদের বাড়ি কাজে এসেছিলেন পরিচারিকা। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। তখনই প্রতিবেশীদের ডাকেন তিনি। খবর দেওয়া হয় পুলিশেও। শেষে পুলিশ এসে দরজা ভেঙে চার জনের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেরাও আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তবে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। জানা গিয়েছে, ওই দম্পতির প্রথম সন্তান অনুপ্রিয়া বিশেষভাবে সক্ষম ছিল।

সম্প্রতি সন্তানদের নিয়ে পুদুচেরি বেড়াতে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন তাঁরা। সোমবার সকালে রওনা দেওয়ার কথা ছিল ওই পরিবারের।