
সপ্তাহের শুরুতেই ফের উত্তাল বিধানসভা।সোমবার বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
বিক্ষোভ চলাকালীন টেবিল ভেঙে দেওয়া হয়েছে, লাইট ভেঙে ফেলা হয়েছে। স্পিকারের ঠিক ডানদিকে দাঁড়িয়ে থাকেন রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। তাঁদের ঘিরে রাখেন মহিলা নিরাপত্তারক্ষীরা। বিধানসভার উত্তাল পরিস্থিতি সামাল দেওয়ার সময়ে কয়েকজন কর্মী আহত হন। তাঁদের কারোর হাত ভেঙে, কারোর হাত কেটে ঝরেছে রক্ত! প্রত্যেকের হাতেই ব্যান্ডেজ করা। এদিকে, গোটা সেশনের জন্য বিজেপির শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওঁরাওকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্পিকারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি হয়েছে। পরে মার্শাল দিয়ে বার করে দেওয়া হয় চার বিধায়ককে। চার বিধায়ক সাসপেন্ড হতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অধিবেশন কক্ষেই স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় শুভেন্দু অধিকারী। অধিবেশন কক্ষে বিজেপির তরফে একমাত্র শুভেন্দু অধিকারী ছিলেন। বাকি বিজেপি বিধায়করা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাতে থাকেন।
