
এবার বহরমপুর পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বহরমপুরের মহকুমাশাসকের অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তারপর বহরমপুর পুরসভায় দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন। বহরমপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল এবছর তৃণমূলের টিকিটে বহরমপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র-র কাছে হেরে যান। ইস্তফা দিয়ে নাড়ুগোপাল জানিয়েছেন কাউন্সিলর হয়ে কাজ করবেন। এদিকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে রাতভর পুরসভার ভিতরে ঘেরাও করে রাখেন স্থানীয়রা। এরপর বৃহস্পতিবার সকালে জিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে। প্রসেনজিৎ ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয়রা।
এদিকে চেয়ারম্যান গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন পরিমল সরকার।
