
অসম এসটিএফ নয়, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত তারিকুল ইসলাম ওরফে সুমনকে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল এসটিএফ।
সোমবার বহরমপুর সিজেএম কোর্টে হেফাজতে চেয়ে বেঙ্গল এবং অসম এসটিএফ— দু’তরফই আবেদন করে। বিচারক বেঙ্গল এসটিএফের আবেদন মঞ্জুর করেন। সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ১৩ জানুয়ারি আবার তারিকুলকে আদালতে হাজির করানো হবে। তখন অসম এসটিএফের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারক। সম্প্রতি পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি-পাকড়াও অভিযান শুরু হয়েছে, সেই সূত্র ধরে বার বার উঠেছে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ। ধৃতদের তালিকায় ছিল আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-র বেশ কয়েক জন জঙ্গিও। সেই ধৃতদের জেরা করেই তারিকুলের বিষয় জানতে পারে অসম এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই বিস্ফোরণকাণ্ডে জড়িতেরা আরও কোনও বড় নাশকতার ছক করছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলে বসেই নাকি ছক কষছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই সোমবার সকালে বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে এসে তারিকুলকে জেরা করেন অসম এসটিএফের আধিকারিকেরা। জেরা শেষে আদালতে হেফাজতে নেওয়ার আবেদন করেন।
এই ঘটনায় জেরা করার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল বেঙ্গল এসটিএফ-ও। শেষে তাঁকে হেফাজতে পেয়েছে বেঙ্গল এসটিএফ।






