
শোকজের জবাব দিয়ে ফের চড়া সুর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। কেন কল্যাণ বন্দ্যোপাধ্যাকে শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হবে না। কেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
গ্রামের বিধায়ক বলেই কি এমন বিচার, সেকথাও বলতে শোনা গিয়েছে হুমায়ুন কবিরের মুখে। পাশাপাশি গ্রামে ফিরে তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। বেলাগাম হুমায়ুন কবিরকে বুধবার শোকজ করেছিল তৃণমূল। বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে কম কথা বলা বলে দ্রুত শোকজের জবাব দিতে বলেছেন। এরপরেই শুক্রবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের ৩ পাতার জবাবি চিঠি দিয়েছেন হুমায়ুন কবির।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন হুমায়ুন কবির। আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় হুমায়ুন কবিরকে।
