
বেআইনি বেটিং মামলার তদন্তে নেমে কার্যত গুপ্তধনের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কর্নাটকের কংগ্রেস বিধায়কের দুটি লকারে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে ইডি।
যার বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৫০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। এদিকে বেশ কয়েকটি অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রিয় এজেন্সি।তদন্তে জানা গিয়েছে,এই অনলাইন জুয়ার মাধ্যমে ২ হাজার কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। এর আগে এই মামলায় চলতি বছরের আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছিল চিত্রদুর্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেসি বীরেন্দ্রকে।
ইডির তরফে জানানো হয়েছে, বীরেন্দ্র তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে মিলে বেশ কয়েকটি অবৈধ বেটিং ওয়েবসাইট তৈরি করেছিলেন। এবং এর মাধ্যমে চলত প্রতারণা চক্র। এই প্ল্যাটফর্মগুলি থেকে পাওয়া টাকা ফোনপয়সা-সহ বেশ কয়েকটি গেটওয়ে দিয়ে পাঠানো হয়েছিল এবং এর মাধ্যমে দেশের নানা প্রান্তে একাধিক মধ্যস্থতাকারীর অ্যাকাউন্টে কম অঙ্কের টাকার লেনদেন করানো হয়।







