
শেষপর্যন্ত মারাই গিয়েছেন ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ৯৫ শতাংশ ঝলসানো সাদিকুল আহমেদ। বিগত ৮ দিন যাবৎ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল ৯ বছরের সাদিকুল। তবে, শেষরক্ষা হলো না।
বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাদিকুলের। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ওই দুর্ঘটনায় জখম আরও দুই শিশু। ১৭ ফেব্রুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি এলাকায় কেমিক্যাল বোঝাই ড্রাম ফেটে দুর্ঘটনা ঘটেছিল। ওই এলাকায় প্রায় ৭ কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছিল। খড়গাছি এলাকায় ওই ড্রামগুলির পাশেই খেলা করছিল চারটি শিশু।
হঠাৎই দু’টি ড্রাম বিকট শব্দে ফেটে যায়। আগুনে ঝলসে যায় সামিউল মোল্লা, রায়হান মোল্লা, রিয়াজ হাসান মোল্লা ও সাদিকুল মোল্লা নামে চার শিশু। সকলেই উদ্ধার করে প্রথমে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তিন শিশুকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
