
কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী-সমর্থকরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও।
বীরভূমের সিউড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় ভারত বনধের মিশ্র প্রভাব পড়েছে। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি ও বেসরকারি বাস, টোটো-অটো সহ বিভিন্ন যানবাহন। অন্যদিকে পুড়শুড়ায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করেছে বাম শ্রমিক সংগঠনগুলি। হুগলি স্টেশনে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘট সমর্থকরা। ভারত বনধের কোনও প্রভাব সকাল থেকে দেখা যায়নি বর্ধমানে। ভারত বনধের সমর্থনে আলিপুরদুয়ারে সকাল থেকে রাস্তায় ধর্মঘটীরা। সকালবেলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস পথে নামলেও তা বন্ধ করে দেন বনধ সমর্থনকারীরা।
শ্রম কোড বাতিল, সমকাজে সম বেতন-সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার বড়জোড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ধর্মঘটীরা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপে ধর্মঘটের তেমন কোনও প্রভাব পড়েনি।







