
দুর্গাপুজোর আগে হাওড়ার দাসনগরের ভারত জুট মিল বন্ধ হওয়ায় চাকরিহারা কয়েক হাজার শ্রমিক। পুজোর বোনাস পাননি, বেতন-গ্রাচুয়িটির হিসাব-নিকেশ তো দূরস্থ! এভাবে হঠাৎ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার সময় দাসনগরের ভারত জুটমিলের কর্মীরা ডিউটিতে আসলে দেখেন, মিলের গেট বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। নোটিস দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।জুটমিলের বাইরে ঝোলা নোটিসে বলা হয়েছে, তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি, শাসক দল ঘনিষ্ঠ ইউনিয়ন তাদের এবং কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করছে। দুটির বদলে চারটি মেশিন চালানোর জন্য জোর করছে। এর জেরেই সিদ্ধান্ত।








