
হুকিং বন্ধে এবার রাজ্য সরকারের বিদ্যুৎ প্রহরী অ্যাপ আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিদ্যুৎভবনে একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সরকারি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
একইসঙ্গে বেআইনি বহুতলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি দীর্ঘদিন বিদ্যুৎ দফতরে কাজ করছেন। কিছুদিন আগে বিদ্যুৎ দফতরের রিভিউ করেছেন। অনেকগুলি চালু কাজ ও আগামীদিনে কি কাজ করা হবে সেসব আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ দফতরে কোনও ছুটির দিন থাকে না। এই দফতরে একটু কিছু ভুল হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুৎ দফতর চালানোর ক্ষেত্রে আধিকারিকদের ধন্যবাদ। বিদ্যুৎ দফতর খুব গুরুত্বপূর্ণ দফতর। বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রী বলেছেন, বিদ্যুতের নতুন সাব স্টেশন বাড়াতে হবে। বিদ্যুৎ দফতর কেমন চলছে সেটাই বড় কথা। ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, দফতর পরিবর্তন হয় না। আগের সরকার সাব স্টেশন তৈরিতে জমি দেয়নি। নতুন করে দফতরকে গড়ে তুলতে হবে, উন্নয়ন একটি চলমান পদ্ধতি।
