
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।চোট কাটিয়ে দলে ফেরা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে বিধ্বংসী অলরাউন্ডার টিম ডেভিডও চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন।
এই তিন নামই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় খবর পিঠের চোট থেকে সেরে ওঠা কামিন্স সম্প্রতি অ্যাশেজ সিরিজে কেবল অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন।চলতি মাসের শেষ দিকে তার মেডিক্যাল স্ক্যান হবে, যার ওপর নির্ভর করবে চূড়ান্ত স্কোয়াডে তার থাকা না থাকা। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির পর অ্যাকিলিসে ব্যথার কারণে অ্যাশেজ মিস করা হ্যাজেলউড এবং বিগ ব্যাশ লিগে গ্রেড-টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টিম ডেভিড, দুজনই এখন ফিটনেসে ফেরার পথে।অস্ট্রেলিয়া দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনজনই ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছেন।তার ভাষায়, শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনে টুর্নামেন্টের আগে পরিবর্তনের সুযোগ থাকবে।ভারত ও শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেট বিবেচনায় এবার স্পিন আক্রমণে জোর দিয়েছে অস্ট্রেলিয়া। স্পিন বিভাগের নেতৃত্বে থাকছেন অ্যাডাম জাম্পা; তাকে সহায়তা করবেন ম্যাথু কুহনেম্যান ও কুপার কনোলি।
অলরাউন্ড শক্তি বাড়াতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট।দলের অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল মার্শ।








