
পুজোয় সস্ত্রীক ঠাকুর দেখতে এসে অষ্টমীর রাতে হাওড়ায় প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে বিহারের গোপালগঞ্জের ব্যবসায়ীকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বনবিহারী বসু লেনে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ী বছর ৫৫-র সুরেশ যাদব।
সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর সঙ্গে ব্যবসায়িক শত্রুতা ছিল বিহারের মাফিয়াদের। সম্ভবত, বেশ কিছু দিন ধরেই তাঁকে খুনের পরিকল্পনাও চলছিল। এর মাঝেই পুজো উপলক্ষে সস্ত্রীক হাওড়ায় আসার পরিকল্পনা করেন সুরেশ যাদব। খবর পেয়ে সুরেশের পিছু পিছু হাওড়ার উদ্দেশে রওনা দেয় দুস্কৃতীরাও। তার পর সুযোগ বুঝে অষ্টমীর রাতে হাওড়ার বনবিহারী বসু লেনে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। নিহত সুরেশ যাদবের স্ত্রী গোপালগঞ্জের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। খুনের তদন্তে নেমে পুলিশ জেনেছে, সুরেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল। অতীতে সাত-আট বছর জেলও খেটেছিলেন তিনি। বছরদুয়েক আগে গোপালগঞ্জেও তাঁকে লক্ষ করে গুলি চলেছিল। সে যাত্রায় কোনও ভাবে বেঁচে গিয়েছিলেন তিনি। ইতিমধ্যে সুরেশের স্ত্রী ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাতেই হাওড়া থানায় পৌঁছেছেন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।





