
বিহার পাবলিক সার্ভিস পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে বসেছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ নানা কারচুপির অভিযোগে উঠেছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে।
দু’সপ্তাহ ধরে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। রবিবার রাতে প্রশান্ত কিশোরের নেতৃত্বে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির উদ্দেশে পদযাত্রা বের করেন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোতে থাকলে তাদের আটকাতে শক্তি প্রয়োগ করে পুলিশ। প্রথমে জলকামান ও পরে পড়ুয়াদের উপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়। এই ঘটনাতেই প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তবে এই ঘটনার পরে সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সোমবার তিনি বলেছিলেন, ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন। তার মধ্যে যদি সরকার এই পরীক্ষা বাতিলের জন্য কোনও পদক্ষেপ না করে তাহলে আরও জোরালো প্রতিবাদ করবেন। তারপরেই বৃহস্পতিবার আমরণ অনশনের ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর।
তিনি জানিয়েছেন, আগের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক। এছাড়াও যে সমস্ত আধিকারিকরা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে।









