
আসন্ন নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা চলছে। তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দিন কয়েক আগেই বিহারে নথি জমা পড়েছিল ডগ বাবু এবং ডগেশ বাবু নামে দুই সারমেয়র নামে।
সেই নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার আবেদন জমা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আবেদনপত্রে রয়েছে তাঁরই নাম এবং ছবি। সমস্তিপুর জেলা প্রশাসনের কাছে এই অদ্ভূত আবেদনপত্রটি জমা পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ওই আবেদনকারীকে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ট্রাম্প-এর সেই আবেদনপত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এস নিউজ। তাতে লেখা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের নাম। আবেদনটিতে ভুয়ো আধার নম্বর, ভোটার নম্বর এবং ঠিকানা রয়েছে। এমনকি, ট্রাম্পের একটি ছবিও রয়েছে তাতে।
আবেদনে লেখা হয়েছে, ট্রাম্পের নিবাস বিহারের সমস্তিপুর জেলার পটোরি মহকুমার অন্তর্গত হাসানপুর গ্রামে! কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবেদনটি বাতিল করে দিয়েছেন। পাশাপাশি, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছে।
