
মহাকুম্ভের অপমানকারী নেতাদের কখনও ক্ষমা করবে না বিহারের মানুষ। বিহারের ভাগলপুরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, জঙ্গলরাজ নেতারা মহাকুম্ভের মত এত বড় কর্মযজ্ঞ নিয়ে অসুবিধায় পড়েছেন।জঙ্গলরাজের লোকেরা আমাদের ঐতিহ্য নিয়ে সমস্যায় পড়েছেন। তিনি আরও বলেছেন, প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে।
সমগ্র ইউরোপের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ কুম্ভে ডুব দিয়েছে। আর তাতেই গাত্রদাহ হচ্ছে বিরোধীদের। এদিকে, বিহারের ভাগলপুরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে কৃষকদের ১৯-তম কিস্তির টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর বিশেষ বিমানে পূর্ণিয়া পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ৯০ কিমি দূরের ভাগলপুর যান।
সেখানে মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক দলনেতা জেডিইউয়ের নীতীশ কুমার তাঁকে স্বাগত জানান। মূল মঞ্চ থেকে হেলিপ্যাডটি ছিল কয়েকশো মিটার দূরে। খোলা গাড়িতে দাঁড়িয়ে মোদী ও নীতীশ কার্যত রোড শোয়ের ধাঁচে অনুষ্ঠান মঞ্চে আসেন। সেখানে প্রধানমন্ত্রীকে মাখানা দিয়ে তৈরি বিশাল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
