
বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভের ১৬ দিন। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ মত বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন ইন্দ্রজিত্ মণ্ডল, সুদীপ কোনার।
১৫ তারিখ বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় ইন্দ্রজিত্ মণ্ডল এবং সুদীপ কোনারকে তলব করে বিধাননগর উত্তর থানা। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়। যদিও হাজিরা দিতে এসে শিক্ষাকর্মী সুদীপ কোনার দাবি করেছেন তিনি ঘটনার দিন বিকাশভবনের সামনে আন্দোলনে ছিলেন না, আরামবাগের বাড়িতে ছিলেন। শুধু তাই নয় ১০-১২ দিন তিনি কলকাতাতেই আসেননি।
তারপরেও তাঁকে নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে শিক্ষক ইন্দ্রজিত্ মণ্ডল বলেছেন আন্দোলন ভাঙার জন্য চেষ্টা চলছে। যতই মামলা দেওয়া হোক এই আন্দোলনকে দমানো যাবে না।
