
এবার বিহারে শিক্ষা দফতরের আধিকারিকের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক রজনীকান্ত প্রবীণের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ভিজিল্যান্স দল।
সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে।পাটনা থেকে ভিজিল্যান্সের আধিকারিকরা এসে ডিইওকে জিজ্ঞাসাবাদ করেছেন। সূত্রের খবর, সকাল থেকে তল্লাশিতে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য যন্ত্রও আনানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু ডিইওর বাড়িতেই নয়, তাঁর অন্য কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চলেছে বলে পুলিশ সূত্রে খবর।ডিইওর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় ভিজিল্যান্স। সূত্রের খবর, সকাল থেকে তল্লাশি অভিযানে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডিইওর বাড়ির দু’টি ঘরে খাটের ভিতর থেকে ৫০০, ১০০ এবং ২০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে।







