
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক পরিবর্তনের লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং।
দীর্ঘ বৈঠকের পর বিমল গুরুং জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে দার্জিলিং যাওয়ার বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও এই নিমন্ত্রণে সাড়া দিয়ে পাহাড়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। রাজ্যে নয়া সরকার গঠনের পর থেকেই উত্তরবঙ্গ ও শৈলশহরের উন্নয়নে বিশেষ অগ্রাধিকারের কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতে তাঁর সঙ্গে বৈঠক শেষে বিমল গুরুং জানিয়েছেন, বৈঠকে চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা, জিটিএ সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে।
তাঁরা দাবি করেছেন, তৃণমূলের আমলে জিটিএ-তে যে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও জালিয়াতি হয়েছে, অবিলম্বে তার সরকারি ফাইল খুলে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। এছাড়া তিনি জানান, গোর্খাল্যান্ড নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কীভাবে সমস্যা সমাধান হতে পারে সে বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে আগামীদিনে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবার পাহাড়ে যাচ্ছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেখানে পরিবহন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও খতিয়ে দেখা হবে।
