
আন্তর্জাতিক আদালতে হার বিনেশ ফোগাটের,সরকারি ভাবে রায় ঘোষণা না হলেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা এই খবর জানিয়েছেন।
আন্তর্জাতিক কুস্তি সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছিলেন বিনেশ। চেয়েছিলেন, অলিম্পিক্স থেকে বাতিল করা হলেও মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে অন্তত রুপো দেওয়া হোক তাঁকে। আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিনেশের অলিম্পিক্স পদক প্রাপ্তি হচ্ছে না।অন্যদিকে ক্যাস-এ আবেদন করলেই যে বিনেশ রুপো পাবেন, এমন প্রত্যাশা কারওরই ছিল না। নিয়ম মেনে এই আবেদন করা হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন তাঁর আবেদন খারিজ হয়ে যাবে। সেটাই সত্যি হয়েছে। ফলে অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বিনেশকে। আইওএ সভাপতি পিটি ঊষা রায় জানার পর এক বিবৃতিতে বলেছেন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিরুদ্ধে বিনেশের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আলালতের বিচারক। এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত হতাশ। ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। যদিও আগামী ১৬ অগস্ট রাতে সরকারি ভাবে রায়দান করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
