
আইসিকে হুমকিকাণ্ডে সকাল ৬টায় সিউড়ি থানায় হাজিরা দিয়েছেন সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ। সকাল ১১ টায় তলব করা হলেও কাকভোরে সিউড়ি থানায় তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন বিক্রমজিৎ।
তাঁকে প্রায় দেড়ঘণ্টা জেরা করেন তদন্তকারী অফিসাররা। বোলপুর থানার আইসি লিটন সরকারকে অশ্রাব্য ভাষায় গালাগালি করার অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরালের পর আইসিকে আক্রমণ করে ভিডিও পোস্ট করেছিলেন বীরভূমের সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেতা। এরপরেই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। বিক্রমজিতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সিউড়ি থানা। এরপরেই তাঁকে তলব করা হয়। এদিকে দুবার তলবেও এখনও হাজিরা দেননি অনব্রত মণ্ডল। মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন কেষ্ট। তবে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। সেখানে এইচ চৌধুরি নামে চিকিৎসকের নাম উল্লেখ রয়েছে।
যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে তাতে এই চৌধুরি আসলে হিটলার চৌধুরি। তিনি যে মেডিক্যাল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করেছেন তাতে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নাম উল্লেখ রয়েছে।
