
দীর্ঘ আইনি লড়াইয়ের প্রায় এক বছর পর দুই নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সুইটি বিবি। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন একই গ্রামের আরও তিনজন।
বুধবার দুপুরে মালদার মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন তাঁরা। পরিবারের দাবি কাজের সূত্রে দিল্লিতে থাকতেন সুইটি। গত বছর জুন মাসে সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান সহ কয়েকজনকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে। এরপর অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়, সেখানে কিছুদিন জেলেও কাটাতে হয় তাঁদের। পরিবারের তরফে আইনি লড়াই শুরু হয় প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে যায়।
সেই মামলার প্রেক্ষিতে দেশে ফেরার পথ সুগম হয় সুইটিদের। এর আগে গত বছর ডিসেম্বর মাসে একই ঘটনার শিকার বীরভূমের সুনালী বিবি দেশে ফিরেছিলেন।
