
বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের টিকা দিতে চলেছে ফিনল্যান্ড। পশুপাখিদের সংস্পর্শে যারা বেশি আসেন সেইসব মানুষদের প্রথম টিকা দেওয়ার কাজ শুরু হবে।
১৮ বছরের ঊর্ধ্বে টিকাদান শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। ফিনল্যান্ড ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড ওয়েলফেয়ার-র তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই ভ্যাকসিন তৈরি করেছে। ফিনল্যান্ডই প্রথম যারা মানুষের শরীরে টিকা দেবে। তারপর আরও ১৫টি দেশে বার্ড ফ্লুর টিকা সরবরাহ করা হবে। প্রায় ৪ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি হয়েছে বলে খবর।সরকারিভাবে না হলেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে অনেক দেশেই সতর্কতা জারি হয়েছে। করোনার পরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গিয়েছে, আমেরিকার ৩১টি রাজ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের সংক্রামক প্রজাতি ছড়িয়ে পড়েছে। দেশের খামারগুলিতে হাঁস-মুরগির পাশাপাশি স্তন্যপায়ী প্রাণিরাও সংক্রমিত হচ্ছে বলে খবর। এমনকি গরুর দুধেও পাওয়া গিয়েছে বার্ড ফ্লু ভাইরাসের এইস৫এন১ প্রজাতি। বাড়িতে পোষা কুকুর-বিড়ালদেরও মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ।









