
স্বামী বিবেকানন্দর জন্মদিনে দিনভর অনুষ্ঠান বেলুড় মঠে। জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই ভক্তের ঢল।
মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে অনুষ্ঠান হয়েছে। বেলুড় মঠে দিনভর বিশেষ অনুষ্ঠানের সঙ্গে ধর্মসভার আয়োজন করা হয়েছে। ভোরে রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দর মন্দিরে বিশেষ পুজো হয়েছে। কামারপুকুর, জয়রামবাটিতেও স্বামীজির জন্মবার্ষিকীতে বিশেষ পুজো এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও সকাল থেকেই ছিল ভক্তের ঢল। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তো ছিলেনই, শ্রদ্ধা জানিয়েছেন দূরদুরান্ত থেকে আসা অগণিত সাধারণ মানুষ। সিমলা স্ট্রিটে সাধারণ মানুষের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজনও করা হয়েছিল। ২৭ নম্বর ওয়ার্ড সিটিজেন ফোরামের তরফে এই ক্যাম্পের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সমাজসেবী তিনকড়ি দত্ত। এদিকে জাতীয় যুব দিবসে তৃণমূলের উন্নয়নের পাঁচালির প্রচারের সঙ্গেই মাঠে নেমে ফুটবল খেলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিজের এলাকায় চেতলা পার্কে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। স্বামীজির কথা স্মরণ করে যুবসমাজকে বার্তা দিয়েছেন। অন্যদিকে শ্যামনগরে হাফ ম্যারখন দৌঁড়ে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির যুব মোর্চার বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ। এছাড়াও রাজ্যজুড়ে যুব দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠানের তরফে।
