
জন্মদিনেই বিতর্কিত নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়েছে।
এদিনই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়ার ৭৯-তম জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিশিষ্ট নেতা ও ব্যক্তিরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন পাঠিয়েছেন। সংসদের চলতি শীত অধিবেশনেই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বিতর্ক চলছে। তার মধ্যেই সনিয়ার বহু প্রাচীন নাগরিকত্ব বিতর্ক ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
একটি ফৌজদারি রিভিশন আবেদনে সনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার আর্জি উঠেছে। সনিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন ১৯৮৩ সালে। অথচ, ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছে কী করে? এই কারণে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের দাবি তোলা হয়েছে আবেদনে।









