
জয়নগরের স্কুলে মিড-ডে মিলে বিস্কুট দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ এমনটাই অভিযোগ ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের ৷ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নন্দকুমারপুর এসএসকে প্রাইমারি স্কুলের এই ছবি ধরা পড়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে ক্রমাগত কমছে স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা। বর্তমানে স্কুলে খাতায়-কলমে রয়েছে ৪০ জন ছাত্রছাত্রী ৷ কিন্তু মাত্র দু’জন শিক্ষিকা। অভিযোগ, দু’জন শিক্ষিকার মধ্যেও একজন স্কুলে আসেন অনিয়মিত। স্কুলে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। বাধ্য হয়েই অভিভাবকরা নিজেদের বাচ্চাদের অন্যত্র ভর্তি করাচ্ছেন।এদিকে ছাত্রছাত্রীদের সংখ্যা কম আসার কারণে মিড-ডে মিল রান্না প্রায় হয় না বললেই চলে৷কোনও সময় ছাত্রছাত্রীদের জোটে বিস্কুট ৷
কোনও সময় আবার জোটে মিড-ডে মিলে ফল। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাউদ্দিন শেখ ৷





