
দীপাবলিতে দিল্লির আকাশ ঢেকে গিয়েছে ঘন ধোঁয়ায়। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লির ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রেই বাতাসের মান ছিল রেড জোনে- অর্থাৎ খুবই খারাপ থেকে অত্যন্ত গুরুতর পর্যায়ে।
দিল্লির দূষণ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত-র বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে আপ। অন্যদিকে জনমানসে সচেতনাবোধের অভাবকে দায়ী করেছে শাসক শিবির। গেরুয়া শিবিরের সচেতনতা বোধ তত্ত্বকে নিশানা করে আম আদমি পার্টি বিধায়ক গোপাল রাইয়ের মন্তব্য, কীভাবে দূষণ রোধ করা সম্ভব তা না করে বিজেপি সরকার অজুহাতের রাজনীতি করছে। পাশ্ববর্তী রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশেও বিজেপি সরকার রয়েছে। তাহলে ওই সমস্ত রাজ্যে কেন নাড়া পোড়ানোকে সম্পর্ণভাবে বন্ধ করা যায়নি, সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন আপ বিধায়ক।
গোপাল রাই ছাড়াও আপের অন্যান্য নেতা নেত্রীরাও দূষণ-এ বিজেপিকে তীক্ষ্ণ তীর শানিয়েছেন। এদিকে বিজেপির আইটি সেলের প্রধান, অমিত মালব্য ঘুরিয়ে পাঞ্জাবের আপ সরকারকে দিল্লির দূষণের জন্য দায়ী করেছেন। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর দাবি, পাঞ্জাবের নাড়া পোড়ার ধোঁয়ার যন্ত্রণায় ভুগতে হচ্ছে দিল্লিবাসীকে।








