তেলেঙ্গানার মন্ত্রী আজহারউদ্দিন, বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

0
116
ছবি সৌজন্যে : এক্স
তেলেঙ্গানার মন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। শুক্রবার রাজভবনে সে রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা শপথবাক্য পাঠ করিয়েছেন প্রাক্তন ক্রিকেটারকে।
তাঁর যোগদানের ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদ পূরণ হয়েছে। আজহারউদ্দিন জনতার ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হননি। রাজ্যপালের কোটায় আইন পরিষদে মনোনীত হয়েছেন, কিন্তু রাজ্যপাল এখনও প্রস্তাবে স্বাক্ষর করেননি। জনতার ভোটে নির্বাচিত না হলেও বিধান পরিষদের সদস্য হিসেবে তেলেঙ্গানায় মন্ত্রী হওয়া সম্ভব। কিন্তু রাজ্যপাল তাঁর আইন পরিষদে সদস্য হওয়ার প্রস্তাবে এখনও সাক্ষর না করায় প্রক্রিয়া নিয়ে রয়েছে কিছু প্রশ্ন।
এই নিয়ে সরব হয়েছে বিজেপি। এমনকী গোটা বিষয়টির বিরোধিতা করে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দিয়েছে বিজেপি। আজহারউদ্দিনকে মন্ত্রী করে ভোটারদের প্রভাবিত প্রচেষ্টা আসলে সরকারি ক্ষমতার অপব্যবহারের শামিল বলে অভিযোগ গেরুয়া শিবিরের।