
অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দপ্তর ও ক্যাম্পে পরপর বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তাঁর দাবি, এই বিস্ফোরণের নেপথ্যে হাত রয়েছে বিজেপির।
যদিও পাঞ্জাবের শীর্ষ পুলিশ কর্তার আঙুল পাকিস্তানের দিকে। মুখ্যমন্ত্রী ভগবত মানের দাবি, বিজেপি যেখানেই নির্বাচনে লড়তে চায়, সেখানেই এ ধরনের ঘটনা ঘটে। তিনি বিজেপিকে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই এমন দাবি ভালোভাবে নিচ্ছে না বিজেপি। এক্স হ্যান্ডলে দলের মুখপাত্র অশ্বিনী শর্মা লিখেছেন, মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর পদত্যাগ করা উচিত এবং যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন। পাঞ্জাব একটি সীমান্ত রাজ্য, যা পরিচালনা করতে আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিজেপির ওপর কাদা ছুড়ে আপনি নোংরা রাজনীতিতে লিপ্ত হচ্ছেন, যা আপনার হীন মানসিকতারই প্রতিফলন।এদিকে ডিজিপি গৌরব যাদবের সন্দেহ, এর নেপথ্যে আইএসআইয়ের হাত থাকতে পারে। তাঁর মতে, দু’ ক্ষেত্রেই বিস্ফোরণ আইইডির মাধ্যমে ঘটানো হয়েছে।
যদিও মিথ্যা বয়ান বা আখ্যান তৈরির চেষ্টা করছে আইএসআই। চেষ্টা করা হচ্ছে, পাঞ্জাবের পরিস্থিতি যে অস্থিতিশীল, তা প্রমাণ করার। এবং মুষ্টিমেয় ব্যক্তি পাঞ্জাবে বসে পাকিস্তানের ইশারায় এমনটা করছে বলে ডিজিপি গৌরব যাদবের দাবি।








